প্রতিষ্ঠার ২৫ বছরে জাগজাপিডার ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা

0
গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে জাগজাপিডার আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক গ্রামবাসী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়েছেন।। ছবি: সংগৃহীত

মানবসেবাই পরম ধর্ম’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেছেন। যশোর মেডিসিন ব্যাংক এই আয়োজনে সহযোগিতা করেছে।

সকাল থেকে বিকেল, পাঁচ গ্রামের রোগীরা

সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলা এই স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর, জামলতা, জাহাঙ্গীরপুর, পিতাম্বরপুর ও হুদাফতেপুরের রোগীরা অংশ নেন। যশোরের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল প্রতিটি রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রাথমিক ওষুধও সরবরাহ করা হয়।

ক্যাম্পে সেবা প্রদান করেন ঢাকা ডেন্টাল কলেজের ওরাল ও ডেন্টাল সার্জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. ইয়াকুব আলী মোল্লা, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাসুম রেজা, সার্জন ও প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াসমীন আক্তার তনিমা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাইফুর রহমান, শিশুরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে যাঁরা ছিলেন

জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপার হুসাইন সাফায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আরিফ শান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, যশোর এম এম কলেজের বাংলা বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূর ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।

২৫ বছরের পথচলা

২০০১ সালে সিংহঝুলী ইউনিয়নের পাঁচটি গ্রাম — জাহাঙ্গীরপুর, গরীবপুর, জামালতা, পিতম্বরপুর ও হুদাফতেপুরের — শিক্ষার্থীদের ঐক্য ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন চৌগাছার সন্তান সাংবাদিক মুরসালিন নোমানী, যিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে আসছে সংগঠনটি।