দেশে টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাও

0
বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা ১০ দিন ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আধিক্য থাকতে পারে। একই সাথে দেশের সার্বিক দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু বর্তমানে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরের ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এরপর শনিবার (২৯ আগস্ট) ও রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার চিত্র আরও বদলে যেতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সপ্তাহের শেষের এই ধারা অতিক্রম করেও বর্ধিত পাঁচদিনেও বৃষ্টিপাতের এমন প্রবণতা সারা দেশে অব্যাহত থাকতে পারে।