ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে

0
মঙ্গলবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে; আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ৫১৬ কিলোমিটার দূরের নেপালে এর উৎপত্তিস্থল ছিল।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা বা লেলেপ এলাকার কাছে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
অন্যদিকে, নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) তাদের ওয়েবসাইটে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে।
সকালের দিকে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় রাজধানী ঢাকার বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি করে বাসাবাড়ি ও অফিস ছেড়ে নিচে খোলা জায়গায় নেমে আসেন। তবে কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পন থেমে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর, পঞ্চগড় ও ময়মনসিংহসহ আশপাশের এলাকাগুলোতে কম্পন বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত, ভুটান এবং চীনের কিছু অংশেও এই ভূমিকম্প টের পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো ভবন হেলে পড়া, ফাটল ধরা বা কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।