কপ৩১ জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

0
কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই কপ৩১ জলবায়ু সম্মেলন শেষ হলেও গ্লোবাল শিল্ড ও সিআইএফ থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। ২০০৯ সালে কোপেনহেগেনের পর এই প্রথম কোনো জলবায়ু সম্মেলন সম্মত দলিল ছাড়া শেষ হলো। জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে পথনকশার যে আশা ভুক্তভোগী দেশগুলো করেছিল, তা পূরণ হয়নি।

সম্মেলন চলাকালে গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে বাংলাদেশ প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছে সরকার। এর মধ্যে বড় অংশ আসবে গ্লোবাল শিল্ড থেকে, অন্তত ৫ কোটি ইউরো (প্রায় ৬৮২ কোটি টাকা)। বাকি অর্থ আসবে সিআইএফ থেকে ৩ কোটি ডলার (৩৭৩ কোটি টাকা)।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সংবাদমধ্যমকে জানান, কোনো ধরনের অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়া জলবায়ু সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হয়েছে; তবে সেই হতাশার মধ্যেও বৈশ্বিক তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।

তিনি জানান, সম্মেলনে বাংলাদেশ ৪০টি পার্শ্ব আয়োজন (সাইড-ইভেন্ট) করেছে, যেখানে বিভিন্ন দেশের জলবায়ুকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি গ্লোবাল ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হয়েছে এবং তাদের কাছ থেকে তহবিল পাওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে; অ্যালায়েন্সটির অধিকাংশ তহবিল পায় ইন্দোনেশিয়া।

সম্মেলনে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে দেওয়ার পক্ষে বক্তব্য দেন। পাশাপাশি ঋণ নয়, অনুদাননির্ভর সহায়তার আহ্বান জানান তিনি। গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া প্রায় ২০০ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলন শেষ হয় ২২ নভেম্বর।