শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

0
বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মঙ্গলবার সকালে স্ট্রোক করে মারা গেছেন অভিনেতা সোহেল খান; স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি; পরে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সংবাদমধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে বগুড়ায় ‘নসিব‘ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান।

জানা গেছে, সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন তিনি এবং বুধবার তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গেলে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।