চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত, ৩ নারী-পুরুষকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

0
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রোববার (৯ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৭০/২-এস ও ৭০/২-এম এর মধ্যবর্তী গেইট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প থেকে তিন নারী-পুরুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

তবে ওই নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে। বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। এ সময় তারা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়।

বিজিবি দৃঢ় অবস্থানে থাকায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের নিকটে সরে যায়। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা সীমান্তের ৬৮/৫-এস পিলারসংলগ্ন গেইট খুলে তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবি জানায়, তাদের তাৎক্ষণিক ও কার্যকর তৎপরতার ফলে বিএসএফের অবৈধ পুশ-ইনের চেষ্টা সফল হতে পারেনি। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বিজিবির সহকারী পরিচালক আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।