হত্যাসহ ২০ মামলার আসামি খোঁড়া কামরুল আটক, পিস্তল-গুলি উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ  :
যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত হত্যাসহ ২০ মামলার আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৬ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় এর আগে খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামে দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ওই অস্ত্রের সঙ্গে খোঁড়া কামরুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর থেকেই তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, শনিবার (৩০ মে) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে খোঁড়া কামরুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, খোঁড়া কামরুল যশোর শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের সঙ্গে জড়িত। এছাড়া অস্ত্র কেনাবেচার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের দাবি।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা, অস্ত্র আইনে ছয়টি, বিস্ফোরক আইনে চারটি, চাঁদাবাজির সাতটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং মাদক আইনে একটি মামলাসহ মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
শনিবার অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।