দেশ এখন সব ধর্মের মানুষের কাছে নিরাপদ : অনিন্দ্য ইসলাম অমিত

0
দেশ এখন সব ধর্মের মানুষের কাছে নিরাপদ : অনিন্দ্য ইসলাম অমিত

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিবাদী সরকারের শাসনামলে গোটা দেশ মানুষের কাছে অনিরাপদ হয়ে উঠেছিল। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য নিরাপদ। বর্তমানে দেশের সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। আগামী দিনেও সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম, মত ও শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়া রাধাগোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। ইতিমধ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

চুড়ামনকাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সম্মানিত সদস্য গোলাম রেজা দুলু ও কাজী আযম, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা যুবদলের সদস্যসচিব মোস্তফা আমির ফায়সাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু ও আব্দুর রাজ্জাক, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, জ্যেষ্ঠ সহসভাপতি আবু তালেব, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা পারভীন শেলী, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন এবং ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর কুণ্ডুপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশের যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

কাশিমপুর ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন প্রমুখ।