মাদক ব্যবসা নিয়ে কালীগঞ্জের বেদে পল্লীতে সংঘর্ষে আহত ৭

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বেদে পল্লীতে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। সোমবার রাতে থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কালীগঞ্জ থানা ও জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদক বেচকেনা ও ড্রাগন চুরির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। সংঘর্ষে আহতদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, সম্প্রতি মোবারকগঞ্জ রেলওয়ে বস্তি থেকে একজন ড্রাগন চোর আটক করে স্থানীয়রা। চোরের স্বীকারোক্তি অনুযায়ী মিজান নামে এক মাদক ব্যবসায়ীকে ধরে আনা হয়। পরে তাদেরকে পুলিশে না দিয়ে আলোচনার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র বেদে পল্লী ও স্থানীয় অধিবাসীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়ে।

সোমবার মধ্যরাতে বেদে পল্লীর একাংশের সরদার মনিরুল ইসলাম ও স্থানীয় অধিবাসী ইমাম হোসেন লাভলু ও রেজা দলবল নিয়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেন। এ হামলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে গ্রামের লোকজন একত্রিত হয়ে হামলাকারী শামিম হোসেন, ইমাম হোসেন লাভলুসহ কয়েকজনকে ধরে মারপিট করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অবস্থা আরো উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। বর্তমান সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানিয়েছেন, মাদক নয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র অনেক দিন ধরে বেদে পল্লীতে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। একটা গ্রুপ ৯ মাস ধরে বিতাড়িত ছিল, মূলত তারাই আকস্মিকভাবে এসে হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে দুই গ্রুপ মারামারিতে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।