দেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই; কেশবপুরে ধর্ম মন্ত্রণালয়ের সচিব

0
ছবি: সংগৃহীত।

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিনে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, আমাদের দেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি।

মঙ্গলবার বিকেলে উপজেলার ত্রিপল্লী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে ত্রিপল্লী পূজা উদযাপন কমিটির উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপক সিংহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব উৎপল দে ও সুমন দাস।
উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, বিএনপি নেতা আফজাল হোসেন বাবু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম আহবায়ক মোহন দেবনাথ, পৌর আহ্বায়ক মলয় বসু, কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন পূজা কমিটির সভাপতি অমল দাস ও সাধারণ সম্পাদক নিতাই দাস, মন্দির কমিটির সভাপতি রতন দাস ও সাধারণ সম্পাদক অজয় দাস।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন চারুপীঠ একাডেমির শিল্পীরা।