অভয়নগরে ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি

0
অভয়নগরে চুরি হওয়া মোটরসাইকল ও অভিযুক্ত ধান কাটা শ্রমিক

নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে এক কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষক রুমান সরদার জানান, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের প্রেমবাগ মোড় এলাকায় শওকতের চায়ের দোকানের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেলটি ফিরে পেতে এবং অভিযুক্তকে শনাক্তে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

রুমান সরদারের ভাষ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মুরলী বাজার এলাকার সাত্তার মোড়লের ছেলে পরিচয়ে রুবেল (৩৫) নামে এক যুবককে ধানকাটা শ্রমিক হিসেবে তার বাড়িতে কাজে নেওয়া হয়। এরপর সে তাদের বাড়িতে থেকে ধানকাটার কাজ শুরু করে।

গত শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুমান ও রুবেল মোটরসাইকেল নিয়ে প্রেমবাগ মোড়ের শওকতের চায়ের দোকানে যান। কিছুক্ষণ পর রুমানের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে কৌশলে গাড়িটি নিয়ে পালিয়ে যায় রুবেল বলে অভিযোগ করেন তিনি।

চুরি হওয়া মোটরসাইকেলটি সুজুকি হায়াতে মডেলের ১১৩ সিসি। এর রেজিস্ট্রেশন নম্বর বাগেরহাট-হ ১২-৬৩৫৩, ইঞ্জিন নম্বর এফ৪ই৬-৩১৭৮২৭ এবং চেসিস নম্বর আরএমবিএল-এনএফ৪জেই-০০৯২৯২।

ভুক্তভোগী কৃষক রুমান সরদার আরও বলেন, “ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে রুবেল। ঘটনার পর থেকে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

তিনি বলেন, “এখনো আমার সখের মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি, যাতে মোটরসাইকেলটি উদ্ধার করা যায় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়।”

এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তে পুলিশও তৎপর রয়েছে।