নওয়াপাড়ার জয়েন্ট ট্রেডিং মালিক খুন, নৌবন্দরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ আজ

0
নওয়াপাড়ায় ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দর এলাকায় দোকান ঘর ভাড়া না দেওয়ায় বিশিষ্ট এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আনিসুর রহমান (৫৫) নামে এই ব্যবসায়ী নৌবন্দরের জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ও আমদানিকারক হিসেবে সুপরিচিত ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে আজ সারাদিন বন্দরের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনিসুর রহমানের নওয়াপাড়া বাজারে আনিস প্লাজা নামে একটি বহুতল বিপনী বিতান রয়েছে। নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ সেখানে একটি দোকান ঘর ভাড়া নিতে চান। কিন্তু আনিসুর রহমান তাকে ঘর ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরে শাহ মাহামুদ বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনিসুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় । বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া বাড়িতে তার লাশ আনা হয়।

অভয়নগর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের বাড়িতে যায়। সেখান থেকে মরদেহ নিয়ে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইন-র্শঙ্খলা বাহিনীর একধিক টিম ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়,  শাহ মাহমুদ সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তাকে দোকান ভাড়া দিতে চাননি আনিসুর রহমান।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।