তেরঙ্গা যাত্রার ডাক দেওয়া অভিজিৎ দিপকে ও নেহা বোরা আটক

0
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।। ছবি: সংগৃহীত

অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটকের পাশাপাশি ছাত্রনেতা নেহা বোরাকেও আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পাশাপাশি দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করতে শুরু করেছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আজ শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে অভিজিৎ দিপকেকে তুলে নিয়ে যায় পুলিশ। দিল্লির কারোলবাগের এই বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

সিজেপির ইনস্টাগ্রাম পেজের একটি লাইভ ভিডিওতে দিপকে তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি বাধা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আটকের সময় এক পুলিশ কর্মকর্তাকে সরাসরি জিজ্ঞাসা করে তিনি বলেন, ‘আমরা তো বলিনি যে আমরা প্রতিবাদ করব… আমরা শুধু জাতীয় পতাকা ওড়াব। সেটাও কি করার অনুমতি নেই?’

অভিজিৎ দিপকেকে আটকের ঠিক এক ঘণ্টা আগে ওই বাড়িতে উপস্থিত হয়ে সিজেপির সেন্ট্রাল পার্কে তেরঙ্গা যাত্রার কর্মসূচি বন্ধ করার লিখিত নোটিশ দিয়েছিল পুলিশ। তবে অভিজিৎ সেই নোটিশ পাওয়ার পর তা প্রত্যাখ্যান করেছিলেন।

নোটিশ দেওয়ার সময় ওই বাড়িতে পুলিশ ও দিপকের মধ্যকার কথোপকথনের একটি ভিডিও ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এনডিটিভি ওই ছবি ও ভিডিওর উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা দিপকেকে বলেন, তিনি যেন বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করেন।

এর জবাবে দিপকে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতা নেহা বোরা ।। ফাইল ছবি: সংগৃহীত

প্রকাশিত ছবিতে দেখা যায়, দিপকের পরনে ছিল সাদা টি-শার্ট ও নীল ডেনিম প্যান্ট। টি-শার্টের ওপর আঁকা ছিল মহাত্মা গান্ধীর ছবি এবং তাঁর কাঁধের ওপর একটি জাতীয় পতাকা রাখা ছিল। তাঁদের মধ্যকার কথোপকথনের একটি ভিডিওর সংকেত দিয়ে ওই প্রতিবেদনে আরও লেখা হয়, পুলিশ তাঁকে যেসব কাগজপত্র প্রদান করেছে তা দেখে দিপকে প্রশ্ন তুলে বলছেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’

উল্লেখ্য, ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগ এনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এবার দলটির অন্যতম দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাতেই আজকের এই তেরঙ্গা যাত্রার কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।