ঝিকরগাছায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের আত্মহত্যা

0
নিহত সোহাগ হোসেন (২৭)। ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার পল্লীতে অনলাইন জুয়ার আসক্তির জেরে সোহাগ হোসেন (২৭) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি বিড়ি ফ্যাক্টরি থেকে সাপ্তাহিক মজুরি তুলে জুয়া খেলতে বসে সর্বস্ব খোয়ানোর পর আত্মহত্যা করেন।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোরে উপজেলার নাভারন ইউনিয়নের কন্দিপুর গ্রামে।

নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হায়দার আলী ও গ্রামের আওরঙ্গজেব জানান, নিহত সোহাগ হোসেন ওই গ্রামের মৃত পিপুল হোসেনের ছেলে। তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরির একজন কর্মী ছিলেন। প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবার তিনি সাপ্তাহিক বেতন ওঠান। এরপর রাতে অনলাইন জুয়ায় অংশ নিয়ে সেই অর্থ হারিয়ে ফেলেন। এতে দেনা পরিশোধের দুশ্চিন্তা ও মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

তারা জানান, সোহাগ হোসেন অন্যের জমিতে বসবাস করতেন। তার একটি মেয়েও আছে। তার আকস্মিক মৃত্যুতে বৃদ্ধ মাতা, স্ত্রীসহ পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বৃদ্ধ মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।