যশোরে শারদ সম্মাননা ও উদ্বোধনী অনুষ্ঠান

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসবের প্রারম্ভে ষষ্ঠীর দিনে রায়বাড়ি দুর্গামন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য উদ্বোধনী সম্মেলন ও ‘শারদ সম্মাননা’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) যশোর শহরের গয়ারাম সড়ক, বেজপাড়াস্থ রায়বাড়ি দুর্গামন্দির প্রাঙ্গণে এ উৎসবমুখর আয়োজন হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এবং সামগ্রিক আয়োজনের বিবরণ তুলে ধরেন মূল রূপকার দীপক কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনাও করেন তিনি।

এবারের আয়োজনে যশোর অঞ্চলে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গকে ‘শারদ সম্মাননা’ স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিরা হলেন-দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ-দ্দৌলা এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এ জেড এম সালেক।

এ সময় ‘শারদ সম্মাননা’র মোড়ক উন্মোচন করেন সাংবাদিক সাজেদ রহমান বকুল। সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন সিনিয়র শিক্ষিকা ভারতী রানী দে, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজ এবং বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল হক মনি, হারুন অর রশিদ, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, ব্যঞ্জন যশোরের সভাপতি আনিসুজ্জামান পিল্টু এবং অ্যাডভোকেট আইয়ুব হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।