শেখ হাসিনাকে কোনো ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাশ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।। ছবি: সংগৃহীত

পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাশ ইস্যু করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতাধীন নিয়ম মেনেই তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।

এ ছাড়া চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি প্রধান বাণিজ্যিক হাবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে এই আঞ্চলিক করিডরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ থাকলেও তার কার্যকর বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

পরিশেষে তিনি আশা প্রকাশ করেন যে, চীনা মন্ত্রী লিউ হাইশিংয়ের এই সফরের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও বেশি গভীর ও গতিশীল হবে।