খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

0
খুলনার ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শেখ তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।। প্রতীকী ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় গফফারের চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানা পুলিশ এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনার সময় তরিকুল বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।