কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৬৫ জন উদ্ধার, ১১ দালাল আটক

0
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৬৫ জন উদ্ধার

লোকসমাজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনসংলগ্ন গভীর সমুদ্রে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি কাঠের বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে নৌবাহিনীর টহল জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

নৌবাহিনী সূত্র জানায়, সেন্টমার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি কাঠের বোট দেখতে পায় মাছ ধরার ট্রলার ‘এফভি ক্রিস্টাল-১’। ট্রলারটি সহায়তার জন্য এগিয়ে গেলে বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটি উদ্ধার করে। এ সময় বোটে পানি প্রবেশ করতে থাকলে নৌসদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হয়।

কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৬৫ জন উদ্ধার

নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ৬৫ জনের অধিকাংশই মানব পাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম এলাকায় আটক থাকার কথা জানিয়েছেন। পরে তাদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে বোটে তোলা হয়েছিল বলে জানা গেছে।

বোটে পানি প্রবেশ করায় যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। নৌবাহিনীর দ্রুত অভিযানের ফলে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

আটক ১১ জনকে এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।