দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু; ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ১৬৬

0
হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ২৯৪; সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ হাজার শিশু ।। ছবি: সংগৃহীত

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৬৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে হাম শনাক্ত হয়ে ঢাকায় একজন এবং হামের উপসর্গে আরও ৯ জন মারা গেছে। উপসর্গে মৃতদের মধ্যে ঢাকায় ৪ জন, বরিশালে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেটে একজন করে শিশু রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম শনাক্ত হওয়ার পর ৫০ জন এবং হামের উপসর্গে ২৪৪ জনসহ মোট ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪০ হাজার ৪৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে ৫ হাজার ৩১৩ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৭ হাজার ৮১৬ শিশু, যাদের মধ্যে ২৪ হাজার ৯০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করছে।