সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহজালাল (র.) মাজার জিয়ারত ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

0
হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে মোনাজাত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম একদিনের রাষ্ট্রীয় সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় তাঁকে বহনকারী বিশেষ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

সিলেট পৌঁছেই প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করতে যান। মাজার জিয়ারত শেষে বৃষ্টির মধ্যেই তিনি শহরের চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের একটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এরপর বিকেলে সিলেট স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন সরকারপ্রধান। দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৫টায় শহরের শিল্পকলা একাডেমিতে একটি দলীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও তারেক রহমান এই সিলেট থেকেই শুরু করেছিলেন।