শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

0
ছবি: সংগৃহীত।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দু-পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহন শেখ (৪৫) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামের সামাজিক মাতব্বর শের আলী ও মশিউর রহমানের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তারা উভয়ই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম। এতে ঘটনাস্থলেই মোহন শেখ মারা যান।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে আব্বাস নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই মাতব্বরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।