মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের

0
হরমুজ খোলা থাকা নির্ভর করছে মার্কিন আচরণের ওপর।। ছবি: গুগোল আর্থ থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই কড়া বার্তা দেন।

গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বজায় থাকলে এই জলপথটি খোলা রাখা হবে না এবং জাহাজ চলাচল সম্পূর্ণভাবে ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। এদিকে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শর্তসাপেক্ষে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার কথা জানালেও সতর্ক করেছে যে, এর স্থায়িত্ব বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, সামরিক এবং শত্রু শক্তির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর এই পথ ব্যবহারের কোনো অধিকার নেই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান হরমুজ প্রণালি কখনোই বন্ধ না করার শর্তে রাজি হয়েছে। তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে ইরান বলছে, বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকলে তারা প্রণালিটি স্থায়ীভাবে খোলা রাখবে না। রয়টার্সের তথ্যমতে, বর্তমানে মার্কিন পতাকাধারী বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি থাকলেও নৌবাহিনীর জাহাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রেখেছে তেহরান।