বেনাপোলে সীমান্ত নদী থেকে ৫ মাদক চোরাচালানি আটক

ইছামতি নদীতে বিজিবির অভিযান; উদ্ধার কোরেক্স সিরাপ

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে ইছামতি নদীতে অভিযান চালিয়ে পাঁচ মাদক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

শনিবার দুপুরের দিকে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল নায়েক আরিফ হোসেনের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ১৭/৭ এস-এর নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদী থেকে পাঁচজনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ভারতীয় ‘উইন্স কোরেক্স’ সিরাপের ২ বোতল উদ্ধার করা হয়।
আটকরা হলেন—ইউসুফ আলী (৩০), মো. সাবু (৪০), হায়দার আলী (২৭), আলমগীর হোসেন (৩০) ও নয়ন মনি (৩৫)। তারা বেনাপোলের গয়ড়া ও পুটখালী এলাকার বাসিন্দা।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের কাছে বিপুল পরিমাণ মাদক ছিল। তবে সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে মাদক নদীর পানির নিচে লুকিয়ে রাখে।
বিজিবি-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার জামিল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।