এসএসসিতে ফিরল ‘সাইলেন্ট এক্সপেল’ পরীক্ষার্থী কমেছে যশোর বোর্ডে

১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। সে অনুযায়ী এবার পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন।

0
যশোর বোর্ড

আকরামুজ্জামান,লোকসমাজ॥ আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় তিন হাজারের বেশি কমেছে। একই সঙ্গে পরীক্ষা কক্ষে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে নতুন নীতিমালায় পুনরায় যুক্ত করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরবে বহিষ্কার পদ্ধতি।
বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। সে অনুযায়ী এবার পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র এবং ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী রয়েছে। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন।
খুলনা বিভাগের ১০ জেলার ২৯৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, যশোর জেলায় সর্বোচ্চ ২২ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া খুলনায় ২১ হাজার ৪২৮, কুষ্টিয়ায় ১৯ হাজার ৭৪৯, ঝিনাইদহে ১৬ হাজার ৩৪৯, সাতক্ষীরায় ১৪ হাজার ২৪৭, বাগেরহাটে ১১ হাজার ৯২৬, চুয়াডাঙ্গায় ৮ হাজার ৯৬২, মাগুরায় ৮ হাজার ৭৬, মেহেরপুরে ৬ হাজার ২০০ এবং নড়াইলে ৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে বোর্ড কর্তৃপক্ষ কঠোর নজরদারির ব্যবস্থা নিয়েছে। প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র থেকে নিয়মিতভাবে ভিডিও ফুটেজ বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারের নতুন নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা। এই পদ্ধতিতে কোনো পরীক্ষার্থী সরাসরি নকল করতে ধরা না পড়লেও যদি সে পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করে, যেমন অন্যের দিকে তাকানো, কথা বলা বা সন্দেহজনক আচরণ করা, তাহলে কক্ষ পরিদর্শক তাকে নীরবে বহিষ্কার করতে পারবেন। পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও পরবর্তীতে তার উত্তরপত্র বাতিল করা হবে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “সাইলেন্ট এক্সপেল পদ্ধতি নতুন নীতিমালার অংশ হিসেবে চালু করা হয়েছে, যাতে পরীক্ষা কক্ষের শৃঙ্খলা বজায় থাকে। তবে এটি সব ক্ষেত্রে প্রয়োগ করা হবে না, শুধুমাত্র যারা পরিবেশ বিঘ্নিত করবে, তাদের ক্ষেত্রেই প্রয়োগ করা হবে। শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, কঠোর নজরদারি ও নতুন নীতিমালার ফলে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।