ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ড দাবি শিক্ষার্থীদের

0

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে ব্যতিক্রমী কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এসময় লাল কাফনের প্রতীকী লাশ ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে ‘হত্যাকাণ্ডের হত্যা ঘেরাও’ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা সাজিদ হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামী শনিবার ‘কর্তাব্যক্তিদের চোখে আঙুল দিয়ে লাশ দেখানো’ শিরোনামে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীরা বলেন, প্রশাসন ভবনের পথে রক্তমাখা কালো কাফন টপকিয়ে অফিসে যেতে হবে প্রশাসনিক কর্মকর্তাদের। এ হত্যার দায় এড়ানোর সুযোগ নেই। সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার চেয়ে চেয়ে আমরা ক্লান্ত নই, আমাদের চোখে এখনও ক্লান্তি আসেনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।