ঝিকরগাছায় টিকাদান ক্যাম্পেইন সফলে সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

যশোরের ঝিকরগাছায় ‘এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ের এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝিকরগাছায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম, মেডিকেল অফিসার ডাঃ আমিরুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মরিয়ম বেগম।

এছাড়াও কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন এবং স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

উক্ত সভায় ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রে নিবিড় তদারকির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।