মহেশপুরে ইছামতিতে অজ্ঞাত যুবকের লাশ

0

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকায় ইছামতি নদীর তীর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বিজিবির একটি টহল দল প্রথমে নদীর পাড় সংলগ্ন ধানক্ষেতে কাদামাখা অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে বিষয়টি মহেশপুর থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় কোনো নিখোঁজ সংক্রান্ত অভিযোগও পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মরদেহটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ মিটার ভেতরে বাংলাদেশের অংশে পাওয়া গেছে। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে ওই সীমান্ত এলাকায় কোনো ধরনের গুলির ঘটনা বা উত্তেজনার খবর নেই। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্যও পাওয়া যায়নি।

এদিকে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।