নিজস্ব প্রতিবেদক।লোকসমাজ-

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ শোভাযাত্রা বের হয়।
সকাল ৮টা ৫০ মিনিটে শহরের টাউন হল ময়দানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান শোভাযাত্রার উদ্বোধন করেন।

রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

যশোরে ১৪৩৩ বঙ্গাব্দ বরণে বর্ণাঢ্য শোভাযাত্রাশোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন এবং চারুপীঠ আর্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাহাবুব মাসুদ জামিলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে এ আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।