২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ৪০ হাজার কিমি গতি: মহাকাশ থেকে নিরাপদে ফিরলেন ৪ নভোচারী

0
নভোচারীদের নিয়ে ওরিয়ন ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে অবতরণের দৃশ্য।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক॥ চরম উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ চন্দ্রাভিযানের চার নভোচারী। আজ শনিবার সকালে তাঁদের বহনকারী ওরিয়ন ক্যাপসুলটি সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। গত পাঁচ দশকের বেশি সময় পর এটিই ছিল চাঁদের চারপাশ দিয়ে মানুষের প্রথম পরিভ্রমণ।

পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় মহাকাশযানটি প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়ে। শব্দের গতির চেয়ে ৩০ গুণ বেশি তথা ঘণ্টায় প্রায় ৪০ হাজার কিলোমিটার গতিতে চলার সময় যানটির বাইরের তাপমাত্রা পৌঁছেছিল ২ হাজার ৭৬০ ডিগ্রি সেলসিয়াসে। এটি সূর্যপৃষ্ঠের তাপমাত্রার প্রায় অর্ধেক। প্রচণ্ড তাপে মহাকাশযানটি লাল প্লাজমায় ঢেকে গেলে হিউস্টনের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে নভোচারীদের যোগাযোগ প্রায় ছয় মিনিট বিচ্ছিন্ন থাকে। এ সময় জীবনরক্ষাকারী ‘হিট শিল্ড’ বা তাপ প্রতিরোধক ব্যবস্থার ওপরই সবকিছু নির্ভর করছিল। দীর্ঘ উৎকণ্ঠার পর কমান্ডার রিড ওয়াইজম্যানের কণ্ঠস্বর শোনা যাওয়ামাত্রই নিয়ন্ত্রণকক্ষে স্বস্তি ও আনন্দের জোয়ার বয়ে যায়।

এই ঐতিহাসিক যাত্রায় অংশ নেওয়া চার নভোচারী হলেন—রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন। অভিযানের মাধ্যমে ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অমার্কিন হিসেবে চাঁদের চারপাশ ঘুরে আসার অনন্য রেকর্ড গড়েন। ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ অভিযানের চেয়েও দূরবর্তী স্থানে ভ্রমণ করে মানুষ হিসেবে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ডও এখন তাঁদের দখলে। ভবিষ্যতে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নাসার এই অভিযান একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।