যশোর সদরের ৪৫০ কৃষক পেলেন বিনামূল্যের সারবীজ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি সরকারের সাথে কৃষকের বরাবরই নিবিড় সম্পর্ক রয়েছে। আজকে কৃষির যে আধুনিকায়ন তার শুরুটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি বিদেশ থেকে উন্নত মানের সার ও বীজ এবং কৃষি যন্ত্রপাতি এনে কৃষির আধুনিকায়ন করেছিলেন। আবার পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করে কৃষককে সেচ সুবিধার আওতায় এনেছিলেন। একই সাথে তিনি দেশব্যাপী খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন। শনিবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পরে প্রধান অতিথি একই স্থানে এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো) এর উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, একানব্বই সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে কৃষকের সুদসহ পাঁচ হাজার টাকার ঋণ মওকুফ করে দিয়েছিলেন। তাদের যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে সুদসহ ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন।

বর্তমান সরকারের আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রদানের মাধ্যমে আরেকটি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হতে যাচ্ছে। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ন্যায্য মূল্যে সকল কৃষি উপকরণ পাবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক শস্য বীমার মাধ্যমে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।

অনুষ্ঠানে ৪৫০ জন কৃষকের মাঝে এক কেজি পাটবীজ এবং ১০ কেজি করে দুই প্রকার রাসায়নিক সার প্রদান করা হয়।

এছাড়াও এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো) এর উদ্যোগে ৫৩ জন শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ৩৬ হাজার টাকার উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন একই স্থানে বিকেল চারটায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের (ইকো) প্রজেক্ট অফিসার আব্দুল কাদের।