কৃষি ও স্বাস্থ্য কার্ড সব দলের লোককেই দেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

0
ছবি: সংগৃহীত।

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা ॥ দুস্থদের জন্য ‘স্বাস্থ্যকার্ড’ ও ‘কৃষি কার্ড’ সব দলের লোককেই দেওয়া হবে। আমরা বাংলাদেশে কোনো বৈষম্য রাখবো না। শনিবার মহম্মদপুরে আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী অ্যাড.নিতাই রায় চৌধুরী এমপি এসব কথা বলেন। এ সময় কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

আমিনুর রহমান কলেজ পরিচালনা সভাপতি তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, স্কুল কলেজগুলোতে সঠিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। শিক্ষা খাতে কোন দুর্নীতি সহ্য করা হবে না।

আমিনুর রহমান কলেজের উন্নয়ন প্রশ্নে তিনি বলেন, এই কলেজটি জাতীয়করণের দাবি আমার নিজের। কলেজ জাতীয়করণ করার জন্য অচিরেই সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের পরিচালনায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ও পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জিয়াউল হক বাচ্চু।

পরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির আওতায় উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর স্লুইস গেট থেকে বালিদিয়া ইউনিয়নের নির্বিষখালী পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, পুলিম সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড.খান রোকনুজ্জামান।