ঝিনাইদহে সাড়ে ৩ কোটি টাকার কৃষিঋণ মওকুফ, কৃষকের ঘরে উৎসব আমেজ

0
ছবি: সংগৃহীত।

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ সরকারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফে ঝিনাইদহে কৃষকদের মুখে হাসি ফুটেছে। এ ঘোষণার সুফল হিসেবে জেলার ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবারের সাড়ে ৩ কোটি টাকারও বেশি ঋণ মওকুফ করা হয়েছে।

ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, ঝিনাইদহের ৩টি প্রধান ব্যাংকের মাধ্যমে মোট ৩ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার কৃষিঋণ মওকুফ নিশ্চিত করা হয়েছে। মওকুফ সুবিধার সিংহভাগই পেয়েছেন কৃষি ব্যাংকের গ্রাহকরা। ঝিনাইদহ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, ঝিনাইদহ জেলার বিভিন্ন কৃষি ব্যাংকের ৪ হাজার ২৩০ জন কৃষকের বিপরীতে ৩ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা মওকুফ করা হয়েছে।

ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার নিলিনা আক্তার জানান, অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ২৯০ জন কৃষকের ২১ লাখ ৮৩ হাজার টাকার ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া জনতা ব্যাংকের ৩১ জন কৃষকের ২ লাখ ৮৬ হাজার টাকা মওকুফ করা হয়েছে বলে ব্যাংকটির কর্মকর্তা ময়নুল ইসলাম জানান।

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের কৃষক নাছির বিশ্বাস জানান, উৎপাদন খরচ বৃদ্ধি এবং নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষুদ্র ঋণ পরিশোধ করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। সরকারের এই আর্থিক ছাড়ের ফলে তার মতো জেলার ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার সরাসরি উপকৃত হলো। এতে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি আগামী মৌসুমে কৃষি উৎপাদন আরও বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ অগ্রণী ব্যাংক আঞ্চলিক শাখার কর্মকর্তা নাজমুস সায়াদাত জানান, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষিঋণ মওকুফ একটি সময়োপযোগী পদক্ষেপ। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মনোবল বাড়বে এবং তারা ঋণের হাত থেকে রক্ষা পাবেন। দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রমের সুফল কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংকগুলো আন্তরিকভাবে কাজ করছে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ জানান, সরকারের কৃষিবান্ধব এই সিদ্ধান্তের মাধ্যমে ঝিনাইদহের নিভৃত পল্লীর হাজারো কৃষকের ঘরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।