নওয়াপাড়া জুট মিলে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

0

সটাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় একটি জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ‘জার্বান ফাইবার্স’ নামে জুট মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলার নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, নওয়াপাড়া জুট মিল নামে পরিচিত পাটকলটি বর্তমানে বাংলাদেশি এম এ রব ও জার্মান নাগরিক থমাস ব্রেসলার যৌথ মালিকানায় জার্বান ফাইবার্স লিমিটেড নামে পরিচালনা করছে। মিলের প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে মিলের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।

মঙ্গলবার সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল ৮ টার দিকে কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনারি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।