ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস দিল্লির; হায়দরাবাদ হাউসে জয়শঙ্কর-খলিলুর রহমান বৈঠক

0
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। আজ বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আশ্বাস প্রদান করেন। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে এস জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের চিকিৎসা ভিসা চালু করা হচ্ছে বলে জানা গেছে। বৈঠকের পর জয়শঙ্কর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঢাকার কাছে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানান। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দিল্লিতে তাঁকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরাসরি আলোচনা হলো। এছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করায় ভারতকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। খলিলুর রহমান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরীর সঙ্গে পৃথক বৈঠকে ভারত থেকে বাংলাদেশে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওই চিঠি বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে হস্তান্তর করেন।