জুলাই গণ–অভ্যুত্থান; আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

0
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ঐতিহাসিক সেই মুহূর্ত, যার বিচারিক রায় আজ আসছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করবেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নিহত হওয়ার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে এবং গণ-অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দেয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, এই নির্মম হত্যাকাণ্ডের অকাট্য প্রমাণ জাতিসংঘের প্রতিবেদনেও উঠে এসেছে এবং প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে।

এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট আসামি ৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার থাকা ৬ আসামি হলেন: সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

পলাতক ২৪ আসামির মধ্যে রয়েছেন: বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ এবং বিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মন্ডল।