যশোরে তন্নী টেলিকমে পিস্তল-গুলি রেখে দেওয়া সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি শনাক্ত, আটক ২

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এম কে রোডস্থ সন্ধানী সুপার মার্কেটের মেসার্স তন্নী টেলিকমের দোকানে পিস্তল-গুলি রেখে দেওয়া অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তিকে শনাক্ত এবং আটক করেছে ডিবি পুলিশ। ওই ব্যক্তির নাম শেখ মঈনুদ্দিন ফেরদৌস (৪০)। তাকে ছাড়াও এ ঘটনায় জড়িত অভিযোগে খালিদুর রহমান টিটু (৩৩) নামে আরও একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ এপ্রিল দুপুরে ডিবি পুলিশের এসআই অলক কুমার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধানী সুপার মার্কেটের মেসার্স তন্নী টেলিকমে অভিযান চালান।

এ সময় তিনি সেখান থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলিসহ আলী হোসেন নামে একজনকে আটক করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় দায়ের করা হলে তদন্তের দায়িত্ব পান ডিবি পুলিশের এসআই সালাহউদ্দিন খান। পরবর্তীতে এসআই সালাউদ্দিন খান আটক আলী হোসেনের দেওয়া তথ্য ও সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামি খালিদুর রহমান টিটুকে আটক করেন।

আটক খালিদুর রহমান টিটু সদর উপজেলা খোলাডাঙ্গা মুন্সীপাড়ার মৃত মাহাবুবুর রহমানের ছেলে। এরপর খালিদুর রহমান টিটুর দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাতনামা সেই ব্যক্তিকে শনাক্ত এবং আটক করা হয়। ওই ব্যক্তির নাম শেখ মঈনুদ্দিন ফেরদৌস। তিনি কারবালা খোলাডাঙ্গা এলাকার মৃত নুরুউদ্দিনের ছেলে। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে করা হলে তারা মামলার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। এদের মধ্যে খালিদুর রহমান টিটুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও বিস্ফোরকসহ মোট ১৫টি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেসার্স তন্নী টেলিকমের মালিক আলী হোসেনকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে তা নিয়ে জনমনে বিরুপ প্রতক্রিয়ার সৃষ্টি হয়।

এই বিষয়টি আমলে নিয়ে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, ডিবি পুলিশের অভিযান পরিচালনার পূর্বেই অজ্ঞাতনামা ১ জন ব্যক্তি একটি শপিং ব্যাগ হাতে মার্কেটে প্রবেশ করেন এবং আলী হোসেনের দোকানে গিয়ে তার সাথে কথা বলে ব্যাগটি রেখে বের হয়ে যায়। পরবর্তীতে আটক শেখ মঈনুদ্দিন ফেরদৌস ও খালিদুর রহমান টিটুকে আটকের পর জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ দেখানো হয়। এ সময় শেখ মঈনুদ্দিন ফেরদৌস ব্যাগ হাতে প্রবেশ করা ব্যক্তিটি তিনি নিজেই বলে জানান।

বুধবার আটক শেখ মঈনুদ্দিন ফেরদৌস ও খালিদুর রহমান টিটুকে ডিবি পুলিশ আদালতে সোপর্দ করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।