যথাযোগ্য মর্যাদায় যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যশোর জেলা স্বাস্থ্য বিভাগ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যশোর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মুন্সি মেহেরুল্লাহ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভা সিভিল সার্জন অফিসের চতুর্থ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। এছাড়াও বিশেষ বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক। বক্তারা মানুষের স্বাস্থ্য সচেতনতা এবং সেবার মান উন্নয়নে বিজ্ঞানের ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিবি কনসালটেন্ট ডা. মো. সামছুজ্জামান সবুজ ও ডা. পলাশ কুমার, স্কুল হেলথ ক্লিনিকের এমও ডা. লায়লা নার্গিস ও ডা. শরিফা খাতুন, ব্র্যাকের খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মহিতোষ রায়, জেলা ব্যবস্থাপক মো. সোহেল রানা, জেলা সমন্বয়কারী মো. আলামিন ও এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান।

এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।