ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, অ্যাডহক কমিটির প্রধান তামিম

0
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই সিদ্ধান্তের কথা জানান।

২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালার ২১ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে গত বছরের বিসিবি নির্বাচনে সব ক্যাটাগরিতেই ব্যাপক অনিয়ম খুঁজে পাওয়ায় সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন কমিটি বোর্ড ভেঙে দেওয়ার সুপারিশ করে। নবগঠিত এই অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। এছাড়া কমিটিতে স্থান পেয়েছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, ফাহিম সিনহা ও রফিকুল ইসলামসহ রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বরা।

অ্যাডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস, যার মধ্যে তারা বিসিবির নতুন নির্বাচনের আয়োজন করবে। আইসিসি থেকে নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে এনএসসি জানায়, বোর্ড পুনর্গঠনের বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আইসিসিকে অবহিত করা হয়েছে।