দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠকের পর জয়শঙ্করের সঙ্গে একান্ত আলোচনায় খলিলুর রহমান

0
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। । ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে এই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্তে দীর্ঘ আলোচনাও করেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও দিল্লির মধ্যকার তৈরি হওয়া টানাপোড়েন কাটিয়ে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত হিসেবে এই সফরকে দেখা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কোনো মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর।

সফরসূচি অনুযায়ী, সকালে ভারতের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতঃরাশ সভায় যোগ দেন খলিলুর রহমান। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এর আগে সফরের প্রথম দিনেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামীকাল সকালে মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি দিল্লি ত্যাগ করবেন।