১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে; সংসদকে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

0
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য খাতের নতুন নিয়োগ পরিকল্পনা তুলে ধরছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর (নওগাঁ-৪) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী সংসদকে আরও জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে ১২০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমেও ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বিশাল পরিসরে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়।