সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক; নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

0
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিরীন শারমিন চৌধুরীকে বর্তমানে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। ২০১৩ সাল থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছিলেন শিরীন শারমিন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় গত ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সহিংসতার আরও অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। এই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও বর্তমানে কারাগারে রয়েছেন।