ঝিকরগাছা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ; পাম্পগুলোতে জরুরি সেবায় নিয়োজিতদের অগ্রাধিকারের নির্দেশ

0

ঝিকরগাছা সংবাদদাতা ॥ জ্বালানি তেলের তীব্র সংকট মোকাবিলায় যশোরের ঝিকরগাছায় জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবী ও নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের বিশেষ নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়।

মূলত চলমান তেল সংকট ও অস্বাভাবিক চাহিদার কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও জনভোগান্তি তৈরি হওয়ায় সরকারি-বেসরকারি অফিসগামী কর্মচারী, শিক্ষক এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে জরুরি সেবা ও দাপ্তরিক কার্যক্রম সচল রাখতেই প্রশাসন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ সমস্যার কারণে সৃষ্ট সাম্প্রতিক জ্বালানি সংকটে ঝিকরগাছা উপজেলার ফিলিং স্টেশনগুলো নানাবিধ প্রতিকূলতার মধ্যে তেল সরবরাহ করে যাচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম সচল রাখায় পাম্প মালিক ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে কিছু বিশেষ অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে তিনি এই নির্দেশনাটি প্রতিটি ফিলিং স্টেশনের দৃশ্যমান কোনো স্থানে ঝুলিয়ে রাখার জন্য মালিক ও ম্যানেজারদের নির্দেশ দিয়েছেন।

এতে স্পষ্টভাবে বলা হয়েছে, পাম্পে তেলের মজুদ থাকা সাপেক্ষে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, পুলিশ প্রশাসন, সাধারণ চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন তৈরি করতে হবে অথবা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। তবে এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাজীবীদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন জানান, জরুরি পেশায় নিয়োজিত ব্যক্তিরা যাতে তেলের লাইনে দীর্ঘ সময় ব্যয় না করে দ্রুত কর্মস্থলে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই এই অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে।

এছাড়া তেলের অপচয় রোধ করা, কোনো ধরনের অবৈধ মজুদ না রাখা এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে তেল বিক্রি নিশ্চিত করতে পাম্প মালিকদের প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগের ফলে জরুরি সেবা প্রদানকারী ব্যক্তিদের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।