যশোর-খুলনাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস; হতে পারে শিলাবৃষ্টিও

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঢাকাসহ ১৫টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সপ্তাহজুড়ে এ ধরনের আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে।

এছাড়া, দেশের কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।