যশোরে পচা ভাত ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে নাজমা হোটেলকে ১ লাখ টাকা জরিমানা

0
১ লাখ টাকা জরিমানা গুণল যশোরের নাজমা হোটেল। পচা খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে এই কঠোর ব্যবস্থা।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের নাজমা হোটেলে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৯ মার্চ) দুপুরে জেলা কার্যালয়ের পরিচালিত এই অভিযানে হোটেলটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান, আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে সাধারণ গ্রাহকদের কাছে পরিবেশন করা হচ্ছিল।

এছাড়া, রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের সত্যতা মেলে। এসব গুরুতর অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় নাজমা হোটেল কর্তৃপক্ষকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এই অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের ভেজাল বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।অভিযানে সহায়তা প্রদান করে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল। জরিমানার পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে মানসম্মত খাবার পরিবেশনের জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।