যশোরে বর্ণবৈষম্য বিলোপ দিবসে মানববন্ধন, ৮ দফা দাবি উত্থাপন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)। এ সময় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সরকারের কাছে আট দফা দাবি জানানো হয়।

রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এখনো যশোরের বিভিন্ন এলাকায় দলিত জনগোষ্ঠীর মানুষ চরম বৈষম্যের শিকার হচ্ছেন। স্কুল-কলেজ সংলগ্ন হোটেল ও চায়ের দোকানে তাদের আলাদা পাত্রে খাবার পরিবেশন করা হয়, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার চুড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা ও খাজুরা বাজারসহ বিভিন্ন এলাকায় এবং বাঘারপাড়া ও চৌগাছা উপজেলার একাধিক বাজারে দলিত সম্প্রদায়ের মানুষ সামাজিকভাবে বঞ্চিত হচ্ছেন। এমনকি অনেক ক্ষেত্রে তারা বন্ধু-স্বজনদের সঙ্গে একত্রে বসে খাবার খেতেও পারছেন না। এ সময় বক্তারা এসব বৈষম্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন থেকে উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে-জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্যবিরোধী বিল-২০২২ সংশোধন করে দ্রুত পাস, পাবলিক বিশ্ববিদ্যালয় ও চাকরিতে কোটা প্রবর্তন, জাতীয় শুমারিতে দলিতদের পৃথক স্বীকৃতি, বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ও ভূমি অধিকার নিশ্চিত করা, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও নিরাপত্তা সামগ্রী প্রদান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।

বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা জরুরি। তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।