নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার খুনের প্রতিবাদে সব পাম্প বন্ধ; ঘাতক চালক আটক ও দায় স্বীকার

0
নড়াইলে পাম্প ম্যানেজার নাহিদ হত্যার প্রধান আসামি ঘাতক চালক সুজাত আটক।। ছবি: লোকসমাজ

নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৩) ট্রাক চাপা দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালক সুজাত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। রবিবার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া থানার কিশমত মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নড়াইল জেলার সকল পেট্রোল পাম্পে ধর্মঘট পালন করছে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাকচালক সুজাত। পাম্পে তেলের মজুদ না থাকায় ম্যানেজার নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করলে সুজাত ক্ষিপ্ত হয়ে তাকে প্রকাশ্যে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ডিউটি শেষে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাম্প থেকে ১০০ গজ দূরে ওত পেতে থাকা ঘাতক চালক পেছন থেকে তাদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার প্রাণ হারান এবং তার সহকর্মী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাত হত্যার দায় স্বীকার করেছে। ইতিপূর্বে ঘাতক ট্রাকটিকে বেনাপোল থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছিল।

অন্যদিকে, সহকর্মী হত্যার বিচার ও পাম্পের নিরাপত্তার দাবিতে রোববার দুপুর থেকে নড়াইল জেলার ১০টি পাম্পে ধর্মঘট শুরু হয়েছে। জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু জানান, ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।