চৌগাছায় মটারশেল সাদৃশ্য বস্তু উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় পুুকুর খনন করতে গিয়ে পাওয়া গেছে মটারশেল সাদৃশ্য একটি বস্তু। স্থানীয়দের খবরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের দত্তপুকুর নামক স্থানে খালেক মাস্টারের ছেলে শরিফ উদ্দিন তার লিজকৃত পুকুর খনন করতে যান। এ সময় পুকুর পাড়ে মাটির স্তুপের মধ্যে একটি মটারশেল সাদৃশ্য বস্তু দেখতে পান গ্রামের চা বিক্রেতা মাজেদুল ইসলাম। তারা বিষয়টি দশপাকিয়া পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সতর্কতার সাথে মটারশেল সাদৃশ্য বস্তুটি থানায় নিয়ে আসেন। বস্তুটির গায়ে ইংরেজিতে পিএআরএসিএইচইউটিই এলএলইউএমআইএনএটিআইওএন ২ আইএনসিএইচ বিওএমবি লেখা আছে। অনেকের ধারণা মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এটি বাঙালিদের ওপর ব্যবহার করেছিল।

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, মটারশেল উদ্ধারের খবর শুনেছি। তবে যে এলাকাতে উদ্ধার হয়েছে ঘটনা সঠিক হতে পারে। কেননা আমরা যখন পাক সেনাদের বিরুদ্ধে তুমুল যুদ্ধে লিপ্ত তখন পাশাপোলের ওই এলাকাতে রাজাকারদের সহযোগিতায় পাকবাহিনী ব্যাপক তাণ্ডব চালায়। তারা আকাশ পথ ও স্থল পথ ব্যবহার করে মুক্তিবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। হত্যা করে অসংখ্য মানুষকে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মটারশেল সাদৃশ্য বস্তু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যশোর হতে বোমা নিষ্ক্রিয়দল এলেই সেটি নিষ্ক্রিয় করা হবে।