রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

0
দলীয় সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে রামপালে বিএনপির পুনর্মিলনী সম্পন্ন।। ছবি: সংগৃহীত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নে বিএনপির এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেল ৪টায় স্থানীয় পেড়িখালী বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল দলের অভ্যন্তরীণ সংহতি এবং আগামীতে উপজেলা পরিষদসহ সকল স্থানীয় নির্বাচনে দলের অবস্থান সুসংহত করা। উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের যেকোনো রাজনৈতিক লড়াই ও নির্বাচনে যোগ্য নেতা কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন শেখ আব্বাস আলী, আকবর হোসেন আকো, মো. কামাল হোসেন, সেলিম পাটোয়ারি এবং উপজেলা বিএনপির সদস্য তরফদার এনামুল হক প্রিন্স। এছাড়াও দলীয় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, যুবদল নেতা মাসুদ রানা, মৎস্য দলের সভাপতি সাইদুর রহমান এবং কৃষক দলের সভাপতি এহেশামুল হক।

সভায় নারী ও যুব সমাজের প্রতিনিধিত্ব তুলে ধরে বক্তব্য দেন মহিলা দল নেত্রী লুৎফুন্নাহার এবং জুলাই যোদ্ধা ও যুবদল নেতা মহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারী সমর্থকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।