ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি অভিজ্ঞ, উস্কানিতে পা দেবে না জনগণ: অধ্যাপক নার্গিস বেগম

0
রাজপথের হুমকি দিয়ে বিএনপিকে থামানো যাবে না। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের কড়া বার্তা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে যশোর জেলা বিএনপি। শুক্রবার (২৭ মার্চ) যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা দেশের অর্জিত গণতন্ত্র রক্ষা এবং সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা একটি ফ্যাসিবাদমুক্ত দেশ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার পেয়েছি। যে সরকার প্রথম দিন থেকেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে। তবে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের এই মহান গণতান্ত্রিক অর্জনকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা দেখেছি নির্বাচনের আগে ও পরে কীভাবে চক্রান্ত করা হয়েছে, কিন্তু জনগণ অদম্য ছিল বলেই সেই সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে।”

একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “কিছু অশুভ শক্তি বিএনপিকে রাজপথের হুমকি দিচ্ছে। তারা সংসদের সদস্য হয়েও রাজপথে নামার কথা বলছে। কিন্তু বিএনপিকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের কয়েক দশকের রাজপথ পাড়ি দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে। ষড়যন্ত্র ও চক্রান্ত কীভাবে মোকাবিলা করতে হয়, তা বিএনপির প্রতিটি কর্মীর জানা। কোনো উস্কানিতে জনগণ পা দেবে না। সকল সমস্যার সমাধান সংসদেই করতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের রাজনীতি আমাদের পাথেয়। বিতর্কিত কর্মকাণ্ড এড়িয়ে দেশ ও জনগণের স্বার্থে প্রলোভন ত্যাগ করে কাজ করতে হবে।”

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আজকে আমরা যারা নির্বাচিত হয়েছি, আমাদের হাতে কোনো একক ক্ষমতা নেই; প্রকৃত ক্ষমতা সেই জনগণের হাতে যারা আমাদের ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের শিখিয়েছেন যে, ক্ষমতা কোনো ভোগের বিষয় নয়, এটি কেবল জনগণের দায়িত্ব পালনের সুযোগ মাত্র।”

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “শহীদ জিয়ার আদর্শ চ্যুত হলে কেউ বিএনপি পরিবারের সদস্য থাকতে পারবে না। নতুন সরকার একটি বিপর্যস্ত ও ফোকলা অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করলেও এক সপ্তাহের মাথায় বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়েছে। তা সত্ত্বেও সরকার কৃষকের কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালুর মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আমরা অক্ষরে অক্ষরে ওয়াদা পূরণ করছি যাতে জনগণের আস্থার মর্যাদা রক্ষা হয়।”

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, বর্তমান সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।