‘তেল নেই’ লিখে পাম্পে মজুত ছিল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

0
তেল নেই বলে ব্যানার ঝুলিয়েও রক্ষা হলো না। গোমস্তাপুরে পাম্পের ভেতরে পাওয়া গেল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ রাখায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, ওই পাম্পটি ‘তেল নেই’ সংবলিত পোস্টার ঝুলিয়ে সব ধরণের জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে তেলের মজুত যাচাই করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। তল্লাশিকালে পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেনসহ মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেলের সন্ধান মেলে।

ইউএনও জাকির মুন্সী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মজুত থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে তেল না দিয়ে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ওই ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, “জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

অভিযানকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।